যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে প্রায় অর্ধেক নমুনাই করোনা পজিটিভ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে করোনা পরীক্ষার ফলাফলে প্রায় ৪৪ শতাংশ নমুনা পজিটিভ হয়েছে। এটা এখানে এ যাবত্কালের রেকর্ড। বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য প্রফেসর ড. ইকবাল কবির জাহিদ বলেছেন, শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ল্যাবে মোট ১৬১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭০টি নমুনাই পজিটিভ রেজাল্ট দিয়েছে। করোনা শনাক্তের এত উচ্চহার এই ল্যাবে গত একবছরে দেখা যায়নি।  তিনি বলেন, সম্ভবত করোনা ভাইরাসের নতুন মিউটেশন এই অঞ্চলে এসেছে, যা প্রচণ্ড গরমেও যথেষ্ট কার্যকর। এখন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ টিম ভাইরাসের জিন সিকোয়েন্সিংয়ের কাজ করছে। কাজ শেষ হলে বলা যাবে, ঠিক কোন ধরনের করোনা ভাইরাস মানুষকে আক্রান্ত করছে।

এদিকে জেলা পুলিশ করোনা প্রতিরোধে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য প্রচারণা কার্যক্রম শুরু করেছে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম গতকাল বিকালে শহরের দড়াটানায় এ প্রচারণা কার্যক্রমে নেতৃত্ব দেন। তিনি জানান, জনগণকে সচেতন করার জন্য পুলিশ তত্পরতা চালাবে। মানুষ কথা না শুনলে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।