শুরু হয়েছে ‘ফুলেশ্বরী প্রিয়দর্শনী’র একক চিত্রপ্রদর্শনী ‘জানালার গল্প’

শুরু হয়েছে ‘ফুলেশ্বরী প্রিয়দর্শনী’-এর একক চিত্রপ্রদর্শনী ‘জানালার গল্প’। গতকাল শনিবার সন্ধ্যায় সমকালীন চিত্রশালা শিল্পাঙ্গনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী রোকেয়া সুলতানা। শিল্পী রোকেয়া সুলতানা স্বশিক্ষিত শিল্পী ফুলেশ্বরীর বিভিন্ন শিল্পকর্মের প্রশংসা করে বলেন, প্রতিভা থাকলে মানুষ তার বিকাশ ঘটাতে পারে, ফুলেশ্বরী তার চিত্রকর্মে সেই প্রমাণ রেখেছেন।

শিল্পী ফুলেশ্বরী প্রিয়দর্শনী তার প্রদর্শনীর শিরোনাম ‘জানালা’ নিয়ে বলেন, মনের অজান্তেই আমাদের জানালার সঙ্গে গল্প হয়। অথবা গল্পের সৃষ্টি হয়। জানালা দিয়ে আলো আসে, সেখানে দাঁড়িয়ে দেখা যায় আরো গল্প। আবার একটি জানালায় যে শুধু একটি গল্প থাকে, তাও নয়। যিনি কল্পনা করতে পারেন, লিখতে পারেন, কিংবা ছবি আঁকতে পারেন, তিনি একটি জানালাতেই খুঁজে পান রাজ্যের গল্প। শিল্পী এই প্রদর্শনীর মাধ্যমে গল্পের সেই দুয়ার খুলে দিয়েছেন।

প্রদর্শনীতে মোট ২৫টি শিল্পকর্ম স্থান পেয়েছে। বোর্ডের ওপর মিশ্র মাধ্যমে ফুলেশ্বরী যে গল্প উপস্থাপন করেছেন, তার সবটাই যে কল্পনাশ্রয়ী, তা নয়। অনেক ক্ষেত্রেই তিনি অভিজ্ঞতা ও স্মৃতির আশ্রয় নিয়েছেন। তাই আরেক কথায় বলা যায়, শিল্পীর জীবন স্মৃতির সন্ধানও পাওয়া যায়, প্রদর্শনীর নির্বাচিত চিত্রকর্মগুলোতে।

শিল্পী ফুলেশ্বরী মূলত নিজে নিজে ও কিছুটা প্রকৃতি থেকে শিল্পের প্রতি আকৃষ্ট। এই ইচ্ছে ও প্রতিবেশই তার প্রথম ও মূল শিক্ষক। তবে নিঃসন্দেহে বলা যায়, শিল্পী তার মা দেশ বরেণ্য ভাস্কর মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিনীর কাছে পেয়েছেন অকৃত্রিম অনুপ্রেরণা।

প্রদর্শনী দর্শকদের জন্য স্বাস্থ্যবিধি মেনে প্রদর্শীত হবে। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রদর্শনী চলবে ১৭ এপ্রিল পর্যন্ত।