কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া ব্রিজসংলগ্ন আড়াইওরা এলাকায় দ্রুতগতির ট্রাকের চাপায় একই বাড়ির তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রবিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার আদর্শ সদর উপজেলার ডুমুরিয়া চাঁন্দপুর এলাকার হেরন সওদাগরের ছেলে আবদুল কাদের সওদাগর, একই বাড়ির মকবুল হোসেনের ছেলে মতি মিয়া ও ফুল মিয়ার ছেলে হেলাল মিয়া। তারা সম্পর্কে জেঠা ও চাচা-ভাতিজা। কোতয়ালী মডেল থানা পুলিশ দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।
নিহতদের পরিবারের লোকজন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল কাদের সওদাগর তার ভাতিজা ও বাড়ির অন্যান্যদের নিয়ে রবিবার সকালে একটি অটোরিকশাযোগে গোমতী নদীতে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হন। পথিমধ্যে আড়াইওরা এলাকায় গোমতী নদীর বাঁধের ওপর পৌঁছালে একটি বেপরোয়া গতিসম্পন্ন ট্রাক তাদেরকে বহন করা অটোরিকশাটিকে সামনের দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবদুল কাদের (৭০) ও মতি মিয়া (৬৫) মারা যান।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হেলাল মিয়ার (৪৮) মৃত্যু হয়। এ দুর্ঘটনায় গুরুতর আহত অটো চালক তুফান মিয়া ও রুক মিয়াকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত ওই বাড়ির আবদুল মান্নান অন্যত্র চিকিৎসা নেন।
কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, এ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচডি