মুন্সীগঞ্জে পৃথক দু’স্থানে অভিযান চালিয়ে ৪ হাজার ৮শ’কেজি জাটকা উদ্ধার করা হয়েছে। মুন্সীগঞ্জ মৎস্য অধিদপ্তর রবিবার (৪ এপ্রিল) ভোরে সদর উপজেলার মুন্সীরহাট, উত্তর চরমশুরা, রমজানবেগসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৪ হাজার কেজি জাটকা উদ্ধার করে। এসময় জাটকা পরিবহন ও সংরক্ষণের দায়ে ১৩ জনকে আটক করা হয়। একইদিন সকালে নৌ-পুলিশ অভিযান চালিয়ে মুক্তারপুর বাজার থেকে ৮শ’ কেজি জাটকা উদ্ধার করে। উদ্ধারকৃত জাটকার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়।
আটককৃতদের প্রত্যেককে ২ হাজার টাকা করে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। মুন্সীগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদরের সহকারী কমিশনার (ভূমি) শেখ মেজবাউল সাবেরিন দুপুরে এই আদেশ প্রদান করেন।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান জানান, জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে মৎস্য অফিস গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জাটকা উদ্ধার ও ১৩ জনকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা।
অপরদিকে, মুক্তারপুর-নৌ-পুলিশ স্টেশনের ইনচার্জ- মো. কবির হোসেন খান জানান, মুক্তারপুর বাজার থেকে ৮শ’ কেজি জাটকা উদ্ধার করা হয়। পুলিশ দেখে জাটকা বিক্রেতারা জাটকা রেখেই দ্রুত সটকে পড়ে। পরে জেলা মৎস্য কর্মকর্তা ড. আব্দুল আলীমের উপস্থিতিতে উদ্ধার করা উল্লেখিত জাটকা স্থানীয় মাদরাসা, এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়।
ইত্তেফাক/এমএএম