রাস্তা পাকা করার আবেদন

নাটোরের সিংড়া উপজেলার চলনবিল অধ্যুষিত একটি গ্রাম কদমকুড়ি। ডাহিয়া ইউনিয়নের ডাহিয়া ও আয়েশ গ্রামের মাঝে এর অবস্থান। ৪০ থেকে ৪৫ টি পরিবারের বসবাস এখানে। জনবসতি কম বলে কারো নজর নেই এই গ্রামের দিকে। সিংড়া-বারুহাস পাকা রাস্তা থেকে এক কিলোমিটার কাঁচা রাস্তাই কদমকুড়ি গ্রামে যাওয়ার একমাত্র উপায়। কাঁচা রাস্তাটি পাকা করার দাবি দীর্ঘদিনের। প্রত্যন্ত বিলাঞ্চলের সিংড়া-বারুহাস পাকা সড়কের প্রায় প্রতিটি গ্রামে যাওয়ার সংযোগ রাস্তাগুলো পাকা হলেও এই গ্রামের রাস্তা কাঁচাই রয়ে গেছে। ২০০৫ সালে গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তাটি তৈরি করেন। স্থানীয় জনপ্রতিনিধিরা ভোটের আগে রাস্তা পাকা করার প্রতিশ্রুতি দিলেও ভোটের পর যথারীতি ভুলে যান। রাস্তা পাকা না হওয়ায় বর্ষার সময়ে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। তখন কৃষিপণ্য পরিবহন করা কঠিন হয়ে যায়। তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে এই রাস্তা পাকা করার জন্য আশু ব্যবস্থা নিতে বিনীত আবেদন জানাই।

সৌরভ সোহরাব

আয়েশ, সিংড়া, নাটোর