লকডাউনে মধ্যবিত্তের খাবার নিশ্চিত করবে কে?

দরিদ্র ও ভিক্ষুকরা ত্রাণ পায়। তাছাড়া সহজেই তারা কারো কাছ থেকে সাহায্য পেতে পারে। কিন্তু মধ্যবিত্তদের জীবন এত সহজ নয়। তারা উপোস থাকে তবু অন্যের কাছে সহজে হাত পাততে যায় না। অধিকাংশ মধ্যবিত্ত পরিবারই শাকসবজি বিক্রি করে, ভুসিমাল বিক্রি করে, সিএনজি-অটোরিকশা চালিয়ে, গ্রামগঞ্জের মানুষ খেত-খামারে কাজ করে জীবিকা নির্বাহ করে। এসব মাধ্যমই তাদের একমাত্র অবলম্বন। লকডাউনে তাদের এসব কাজকর্ম থেকে বিরত থাকতে হবে, ফলে তাদের আয়ের পথ বন্ধ হয়ে যাবে। গতবারের লকডাউন পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায়, ধনীদের দানে মধ্যবিত্তের তুলনায় গরিবরা ভালো থাকতে পেরেছে। তাছাড়া দীর্ঘ করোনা পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে অনেক মধ্যবিত্তই গরিবদের কাতারে চলে এসেছেন। এ অবস্থায়, মধ্যবিত্তের খাবার নিশ্চিত করার বিষয়টি নিয়ে ভাবতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

হামিদা আব্বাসী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট