মুন্সীগঞ্জে ৪ হাজার ৮০০ কেজি জাটকা উদ্ধার, আটক ১৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ৪ হাজার ৮০০ কেজি জাটকা উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার ভোরে মুন্সীগঞ্জ মত্স্য অধিদপ্তর সদর উপজেলার মুন্সীরহাট, উত্তর চরমশুরা, রমজানবেগসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ হাজার কেজি জাটকা উদ্ধার করে। এ সময় জাটকা পরিবহন ও সংরক্ষণের দায়ে ১৩ জনকে আটক করা হয়। একই দিন সকালে নৌ-পুলিশ অভিযান চালিয়ে মুক্তারপুর বাজার থেকে ৮০০ কেজি জাটকা উদ্ধার করে। উদ্ধারকৃত জাটকার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়। আটককৃতদের প্রত্যেককে ২ হাজার টাকা করে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। মুন্সীগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদরের সহকারী কমিশনার (ভূমি) শেখ মেজবাউল সাবেরিন এই আদেশ প্রদান করেন।