মদনে বোরো ধান কাটা শুরু

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার মদন উপজেলায় বোরো ধান কাটা শুরু হয়েছে। ২৮ ধানের পাশাপাশি কাটা শুরু হয়েছে বিভিন্ন জাতের হাইব্রিড ধান। কষ্টে ফলানো সোনার ফসল ঘরে তুলতে অনেকেই ব্যস্ত সময় পার করছেন। গেল কয়েক বছরের চেয়ে এবার উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বেশির ভাগ জমির ধানই পাকতে শুরু করেছে। ধান ঘরে তুলতে দিন-রাত কাজ করে যাচ্ছেন কৃষক-কৃষাণীরা। তবে বাজারে ধান উঠার সঙ্গে সঙ্গেই দাম কমতে শুরু করায় ভরা মৌসুমে ধানের ন্যায্যমূল্য পাবে কি না তা সংশয়ে রয়েছে কৃষকরা। ভারপ্রাপ্ত কৃষি অফিসার ও কৃষি সম্প্রসারণ অফিসার রায়হানুল হক জানান, চলতি বোরো মৌসুমে পৌরসভাসহ উপজেলার আট ইউনিয়নে এবার ১৭ হাজার ৩৪০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের ফলন ভালো হয়েছে। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উত্পাদন হবে বলে আশা করছি।