আগৈলঝাড়ায় টিসিবির পণ্য বিক্রি শুরু

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

রমজান মাস উপলক্ষ্যে আগৈলঝাড়ায় বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে রবিবার। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত থানা চত্বরে ৫৪০ টাকা প্যাকেজ মূল্যে সোহান ট্রেডার্স নামের ডিলারের মাধ্যমে দুই কেজি চিনি, দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও দুই কেজি ছোলা বিক্রি কার্যক্রম চলে। এদিকে ন্যায্যমূল্যে পণ্য কিনতে পেরে এলাকার দরিদ্র ও কর্মজীবীরা উপকৃত হওয়ার পাশাপাশি পুরো রমজান মাসে টিসিবির পণ্য বিক্রির আহ্বান জানান ক্রেতারা।

আগৈলঝাড়ায় পুলিশসহ

পাঁচ জন করোনায় আক্রান্ত

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা জানান, আগৈলঝাড়ায় পুলিশসহ নতুন করে পাঁচ জনের করোনায় আক্রান্তর খবর নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন। শনিবার রাতে তথ্যর সত্যতা নিশ্চিত করে ডা. বখতিয়ার আল মামুন বলেন, উপজেলা থেকে ১১ জনের নমুনা সংগ্রহ করে বরিশাল শেবাচিম হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে পাঁচ জনের করোনা পজিটিভ ফলাফল এসেছে। আক্রান্তরা হলেন—থানা পুলিশের সদস্য সাইফুল ইসলাম, এলজিইডি স্টাফ মীনা রানী, বড়মগড়া গ্রামের নীতি ঘটক, মিনতী মিস্ত্রী ও শিহিপাশা গ্রামের আকাশ। তিনি আরো বলেন, আক্রান্তদের নিজ বাড়িতে চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে হাসপাতালে নিয়েও চিকিত্সা দেওয়া হবে। এছাড়া আক্রান্তদের বাড়িগুলো লকডাউনের জন্য পুলিশ প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।