ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল- ইসলাম বলেছেন, শেয়ারবাজার এখন অনেক মানুষের রুটি-রুজির সঙ্গে জড়িত, আমরা যদি বন্ধ করে দিই, তাহলে প্রচুর লোকের জীবিকায় ক্ষতি হবে। বাজার আবার ক্ষতিগ্রস্ত হবে, পেছনে চলে যাবে। বন্ধ করে দিয়ে আমরা সমস্যার সমাধান করতে পারছি না। কারণ, খুব সহজে করোনার সমস্যা সমাধান হবে এর কোনো নিশ্চয়তা নেই। গতকাল রবিবার ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) ও সিএফএ সোসাইটি বাংলাদেশ আয়োজিত ‘ওয়ার্কশপ অন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস’ নামে এক প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সিএমজেএফ-এর সভাপতি হাসান ইমাম রুবেল, সাধারণ সম্পাদক মনির হোসেন, সিএফএ সোসাইটি বাংলাদেশের সভাপতি শাহীন ইকবাল, পরিচালক শহিদুল ইসলাম ও মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। সিএফএ সোসাইটি বাংলাদেশের কোষাধ্যক্ষ আলী ইমাম ওয়ার্কশপে হাতে কলমে প্রশিক্ষণ দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান বলেন, আমি কোভিডের মধ্যেই দায়িত্ব নিয়েছি। কোভিড থেকে বের হতে না হতে আরেকটা কোভিডে পড়ে গেলাম। কাজ করার জন্য আমি কোনোভাবেই একটি সুস্থ অর্থনীতি পাচ্ছি না। সুস্থতা কখন আসবে জানি না। এর মধ্যেই আমাদের এগিয়ে যেতে হবে। শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, অর্থনীতি যখন চলে পৃথিবীর কোথাও ক্যাপিটাল মার্কেট বন্ধ থাকে না। আমরা তো বিশ্ব থেকে আলাদা হয়ে যেতে পারি না। সব জায়গায় যেরকম আমাদেরও সেরকম হতে হবে। আমরা যেহেতু ডিজিটাল প্ল্যাটফরম করে ফেলেছি, আশা করি ঘরে বসে হলেও ডিজিটালি কাজ করতে পারব। টেলিফোনে কাজ করতে পারব, মোবাইলে কাজ করতে পারব। আমরা বন্ধ করব না। বিএসইসির চেয়ারম্যান বলেন, আমরা ইচ্ছা করলে কোভিডের দোহাই দিয়ে বাসায় বসে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারি। কিন্তু সেটা আমরা করছি না। ফাইট করে যাচ্ছি, চ্যালেঞ্জ নিচ্ছি। আমরা ইকোনোমির সঙ্গে থাকতে চাই। ব্যাংকিং আওয়ারের সঙ্গে মিলিয়ে শেয়ারবাজারের লেনদেন হবে।