শেয়ারবাজারে পতন ঠেকাতে বাড়ানো হলো ঋণসুবিধা

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারে লেনদেনের সময় কমলেও বাড়ছে ঋণসুবিধা। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স যতদিন ৭ হাজার পয়েন্টের নিচে থাকবে, তত দিন বিনিয়োগকারীরা ১ অনুপাত শূন্য ৮ শতাংশ হারে ঋণ পাবেন। অর্থাত্ ১০০ টাকার শেয়ার কেনার বিপরীতে সর্বোচ্চ ৮০ টাকা ঋণ পাবেন। বর্তমানে ১০০ টাকার বিপরীতে বিনিয়োগকারীরা সর্বোচ্চ ৫০ টাকা ঋণসুবিধা পান। এখন সেটি বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে। তবে ডিএসইর প্রধান সূচকটি ৭ হাজার ছাড়িয়ে গেলে ঋণের হার কমে শূন্য দশমিক ৫ শতাংশে নেমে আসবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল রবিবার এ সিদ্ধান্ত নিয়েছে। বিএসইসি সূত্র জানায়, করোনার কারণে প্রান্তিক ঋণের (মার্জিন ঋণ) হারে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বিনিয়োগকারীদের স্বার্থে এটি করা হয়েছে। আজ সোমবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলছেন, এখন বড় ধরনের দরপতন চলছে। বাজারে পতন ঠেকাতে ও লেনদেন বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে বিনিয়োগকারীরা বেশি ঋণ নিয়ে বাজারে বিনিয়োগের সুযোগ পান। গতকাল রবিবারও শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮২ পয়েন্ট বা প্রায় সাড়ে তিন শতাংশ কমে ৫ হাজার পয়েন্টের কাছাকাছি চলে এসেছে।

উল্লেখ, গত কয়েক দিনে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। সংক্রমণের সংখ্যায় একের পর এক রেকর্ড হচ্ছে। করোনায় মৃত্যুর সংখ্যাও বেড়েছে। করোনাভীতি এবং লেনদেন বন্ধের আতঙ্কে গত কয়েক দিন ধরে পুঁজিবাজার অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। এরই মধ্যে নতুন করে লকডাউনের তথ্য এলে বাজারে বড় দরপতন হয়।