স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে সাঁতারের দ্বিতীয় দিনে জয়জয়কার নৌবাহিনীর সাঁতারুদের। গতকাল নৌবাহিনীর তিন সাঁতারু- মাহফিজুর রহমান সাগর ২০০ মিটার ফ্রিস্টাইলে, আসিফ রেজা ৫০ মিটার ফ্রিস্টাইলে ও সোনিয়া খাতুন ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে রেকর্ড গড়েছেন।
গতকাল সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে মাহফিজুর রহমান সাগরের টাইমিং ছিল ১ মিনিট ৫৮.২৫ সেকেন্ড। ২০১৬ সালে তার রেকর্ড টাইমিং ছিল ১ মিনিট ৫৮.৪৪ সেকেন্ড।
৫০ মিটার ফ্রিস্টাইলে আসিফ রেজা সময় নিয়েছেন ২৩.৩২ সেকেন্ড। এ ইভেন্টে আগের রেকর্ড ছিল ২০১৯ সালে কুষ্টিয়ার এ সাঁতারুরই গড়া, ২৩.৮৫ সেকেন্ডের। ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে সোনা জয়ের পথে রেকর্ড গড়তে সোনিয়া খাতুন সময় নেন ৩০.৬৩ সেকেন্ড। ২০১৬ সালে আগের রেকর্ড ছিল নাজমা খাতুনের, ৩১.১৭ সেকেন্ডের।নারীদের ২০০ মিটার ফ্রিস্টাইলে জুনাইনা আহমেদ ২ মিনিট ২৩.৬০ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন। ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সেনাবাহিনীর জুয়েল আহমেদের ১ মিনিট ১.৩৯ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন। ১০০ মিটার ব্যাকস্ট্রোকেও সোনা জিতেছেন উদীয়মান যুথি আক্তার। নৌবাহিনীর এ সাঁতারু ১ মিনিট ১৪.২০ সেকেন্ড সময় নিয়েছেন।
নারীদের ৫০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছেন রেকর্ডগড়া সাঁতারু আসিফ রেজার স্ত্রী সোনিয়া আক্তার। ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে ২৬.০২ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন নৌবাহিনীর মাহমুদুন্নবী নাহিদ।