গেমস ফুটবল ছাড়া বাফুফের সব খেলা স্থগিত

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ গেমসের পরই প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে প্রিমিয়ার লিগসহ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ, তৃতীয় বিভাগ লিগ, নারী ফুটবল লিগ ১১ এপ্রিল পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। যখন খেলা শুরু হবে তার আগে এক সপ্তাহ সময় দেওয়া হবে প্রস্তুতির জন্য। গতকাল বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, ঘরোয়া ফুটবলের খেলাগুলো বন্ধ থাকবে; গেমস ফুটবলের খেলাগুলো চলবে।’ তিনি জানিয়েছেন ১৪ এপ্রিল এএফসি কাপে আবাহনীর খেলা ছিল সেটি হবে না।

করোনার উদ্ভূত পরিস্থিতি জানিয়ে বাফুফে এরই মধ্যে ফিফা এবং এএফসিতে যোগাযোগ করেছে। ৭ এপ্রিল পর্যন্ত প্রিমিয়ার ফুটবল লিগের খেলোয়াড়দের মধ্যবর্তী রেজিস্ট্রেশন চলছে। এটা একটা সার্ভারের মাধ্যমে পরিচালিত হয়। নির্ধারিত তারিখে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। ফিফার কাছে বাফুফে জানতে চেয়েছে খেলোয়াড় রেজিস্ট্রেশনের সময় বাড়বে কি না। এটা নিয়ে আজ বাফুফের সিদ্ধান্ত আসতে পারে। তবে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের মধ্যবর্তী খেলোয়াড় রেজিস্ট্রেশনের তারিখ বাড়িয়ে ১৫ এপ্রিল করা হয়েছে।