রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিত্সকদের দুদিন ধরে অঘোষিত ধর্মঘট চলায় চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের রোগীরা। জানা গেছে, রোগীর স্বজনদের দুর্ব্যবহারের প্রতিবাদে চিকিত্সকরা পূর্বঘোষণা ছাড়াই ধর্মঘট পালন করছেন। গতকাল রবিবার বিকাল পর্যন্ত দ্বিতীয় দিনের মতো ধর্মঘট অব্যাহত ছিল।
গত শুক্রবার রাতে শিশু ওয়ার্ডে একজন রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিত্সকদের অপ্রীতিকর ঘটনা ঘটে। তার পর গত শনিবার দুপুরে চিকিত্সকরা মেডিক্যাল ছেড়ে যাওয়ার ফলে চিকিত্সা নিয়ে চরম বিড়ম্বনায় পড়েন রোগী ও তাদের স্বজনরা।
রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. মো. রেজাউল করিম সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত ইন্টার্নদের ধর্মঘটের তেমন কোনো প্রভাব পড়েনি। তবে তাদের ধর্মঘট অব্যাহত হলে চিকিত্সায় সমস্যার সৃষ্টি হবে।