অর্থ আত্মসাত্ ও প্রতারণার অভিযোগে প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী। গতকাল রবিবার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরওয়ার জাহানের আদালতে মামলাটি করেছেন কক্সবাজারে রেডিসন ব্লু হোটেলের অন্যতম অংশীদার মোহাম্মদ আব্দুল আলীম চৌধুরী। তিনি ক্লুইস্টন ফুডস অ্যান্ড অ্যাকোমোন্ডেশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক।
মামলার অন্য আসামিরা হলেন, ঢাকার বনানীর জাহাঙ্গীর আলম, উত্তরার সিদ্দিকুর রহমান, পিপলস লিজিংয়ের পরিচালক উজ্জল কুমার নন্দী ও পিরোজপুরের রতন কুমার বিশ্বাস।
আদালত সূত্র জানায়, কক্সবাজারে একটি পাঁচতারকা হোটেল নির্মাণের পরিকল্পনা করে আবদুল আলীম চৌধুরী ২০১৪ সালে আমেরিকার রেডিসন ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হন। হোটেল নির্মাণের জন্য ঋণ পেতে তিনি পি কে হালদারের দ্বারস্থ হন। তখন পি কে হালদার ও তার চার সহযোগী মিলে অর্থ যোগানের প্রস্তাব দিয়ে ৫৫ শতাংশ শেয়ার নিজেদের নামে ট্রান্সফার করে নেন। পরবর্তীতে শেয়ার হস্তান্তর বাবদ অর্থ পরিশোধ না করে তারা নানা তালবাহানা শুরু করেন। একপর্যায়ে তার ব্যবস্থাপনাধীন রিলায়েন্স ফিন্যান্সে আব্দুল আলীম চৌধুরীর কয়েকটি প্রতিষ্ঠানের অনুকূলে থাকা ঋণের সঙ্গে সমন্বয় করবেন বলে প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতিও রক্ষা না করায় বাদী আদালতের দ্বারস্থ হয়েছেন।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট রুবেল পাল জানান, আদালত সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২৬ জুন মামলার পরবর্তী তারিখ ধার্য করেছে আদালত।