সড়ক দুর্ঘটনায় নিহত ৯

মুন্সীগঞ্জে  ট্রাক-অটোরিকশার সংঘর্ষে সিএনজিচালকসহ তিন জন নিহত হয়েছেন। এদিকে কুমিল্লায় ট্রাকচাপায় তিন অটোরিকশা যাত্রী মারা যান। এছাড়া বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো তিন জনের মৃত্যু হয়েছে। গত শনিবার ও গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

মুন্সীগঞ্জ: সিরাজদিখানে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিন জন নিহত হয়েছেন। গুরুতর অবস্থায় আহত আরো তিন জন সিএনজিযাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল ঢাকা-নবাবগঞ্জ সড়কের মুন্সীগঞ্জে সিরাজদিখান উপজেলার তুলশীখালী ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—চালক ঢাকার কেরানীগঞ্জ উপজেলার মোঘারচর গ্রামের ফকির চাঁনের ছেলে উজ্জল (৩৫), যাত্রী ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার পার্বতীপুর গ্রামের মেহের আলীর পুত্র মামুন (৩৮) ও অপর অজ্ঞাত যাত্রী (৩৫)।

কুমিল্লা: সদর উপজেলার পালপাড়া ব্রিজসংলগ্ন আড়াইওরা এলাকায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরো তিন জন। নিহতরা হলেন— জেলার আদর্শ সদর উপজেলার ডুমুরিয়া চাঁন্দপুর এলাকার আব্দুল কাদের সওদাগর (৭০), একই বাড়ির মতি মিয়া (৬৫) ও হেলাল মিয়া (৪৮)। গতকাল আড়াইওরা এলাকায় গোমতী নদীর বেড়িবাঁধ সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

কটিয়াদী (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদীতে পৃথক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে মহাসড়কের মধ্যপাড়া নামক স্থানে গাড়ির ধাক্কায় বাইসাইকেল আরোহী মামুন মিয়ার (১৮) মৃত্যু হয়। এছাড়া একই রাতে মহাসড়কের চারিপাড়া নামক স্থানে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় নিশা রানী পাল (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া গ্রামের মৃত অমূল্য পালের স্ত্রী ও মামুন মিয়া একই ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের ইসরাইল মিয়ার ছেলে।

বরগুনা (উত্তর): আমতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে টমটম উলটে বাদল হাওলাদার (৩২) নামে এক চালক নিহত হয়েছেন। গতকাল উপজেলার নাচনাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বাদল আমতলী সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাবুল হাওলাদারের ছেলে।