এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ৪ হাজার ৩৫০ জন। তাদের মধ্যে ছাত্র ২ হাজার ৪১ এবং ছাত্রী ২ হাজার ৯ জন। ন্যূনতম ৪০ নম্বর পেয়ে পাশ করেছেন ৪৮ হাজার ৯৭৫ জন, অর্থাত্ পাশের হার ৩৯.৮৬। গতকাল রবিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরে স্বাস্থ্য শিক্ষা বিভাগের এক ব্রিফিংয়ে মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রেস ব্রিফিং থেকে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর। এ সময় বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন। ভর্তি পরীক্ষার ফল জানা যাবে এই লিংকে (https://result.dghs.gov.bd/mbbs/)|
এবার মেধাতালিকায় প্রথম হয়েছেন মিশোরী মুনমুন। তিনি পাবনা মেডিক্যাল কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার প্রাপ্ত নম্বর ৮৭.২৫।
দেশের ৪৭টি সরকারি মেডিক্যাল কলেজের আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। এছাড়া আরো ৭০টি বেসরকারি মেডিক্যাল কলেজে আরো ৮ হাজার ৩৪০ জন ভর্তি হতে পারবে। এর আগে গত শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন। করোনার কারণে সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবার কেন্দ্র সংখ্যা ১৯টি এবং ভেন্যু সংখ্যা ৫৫টি করা হয়েছিল।