ধামইরহাটে ত্রয়োদশ শতকের চতুর্মুখী শিবলিঙ্গ উদ্ধার

নওগাঁর ধামইরহাট উপজেলায় একটি পুকুর খননের সময় ত্রয়োদশ শতকের পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন চতুর্মুখী শিবলিঙ্গ উদ্ধার করা হয়েছে। রবিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের অন্তর্গত মাহমুদপুর গ্রামের আব্দুল আজিজের খননকৃত পুকুর থেকে চতুর্মুখী শিবলিঙ্গ উদ্ধার করে র‌্যাব-৫ জয়পুরহাট।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক বলেন, গত কয়েকদিন থেকে আব্দুল আজিজ তার ব্যক্তিগত পুরনো পুকুর খনন করছিলেন। খননের সময় চতুর্মুখী শিবলিঙ্গটি পাওয়া যায়। পরে সংবাদ পেয়ে রাত সাড়ে ১০টার দিকে সেটি উদ্ধার করে নিয়ে আসা হয়। 

উদ্ধারকৃত  ত্রয়োদশ শতকের চতুর্মুখী শিবলিঙ্গটি দৈর্ঘ্যে ৪২ ইঞ্চি ও প্রস্থে ১৬ ইঞ্চি এবং ওজন প্রায় ৬০০ কেজি। এর আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা।

তিনি আরও বলেন, প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি নওগাঁর পাহাড়পুর জাদুঘরে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি