করোনাকালিন এ লকডাউনে সামাজিক দূরত্বকে উপেক্ষা করে জমজমাট জুয়ার আসর চালিয়ে যাচ্ছে জুয়ারিরা। চট্টগ্রামের রাউজানে পুলিশ তল্লাশী চালিয়ে জুয়া খেলার সময় ৬ জুয়ারিকে আটক করেছেন।
আটককৃতরা হলেন উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড়ঠাকুর পাড়ার মৃত হাজী আকবর আলী মেম্বারের ছেলে মাহাবুব আলম প্র: মাহাবুব(৪৫), মৃত সিদ্দিক আহমেদের ছেলে মো. ইউসুফ প্রকাশ কালু মিয়া(৫৫), মৃত মুন্সি মিয়ার ছেলে ফজলুল কবির(৫১), মৃত ডাঃ কালু মিয়ার ছেলে আবু ইউসুফ(৬৫), মো. আলীর ছেলে মো. ইয়ার খান(৪০) ও মৃত শহর মুল্লুক ছেলে মো. সৈয়দ আমিন(৫৫)। ৫ এপ্রিল (সোমবার) দুপুরে আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়।
রাউজান থানার সেকেন্ড অফিসার এসআই অজয় দেব ইত্তেফাককে বলেন, পুলিশ রবিবার সন্ধ্যা সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের বড়ঠাকুর পাড়ার মো. রফিকের বাড়ির পিছনের বাঁশ বাগানের আড়ালে জুয়া খেলারত অবস্থায় ছয় জুয়ারিকে আটক করা হয়। উক্ত জুয়া খেলার বোর্ড হতে ০১(এক) বান্ডিল তাস, বিভিন্ন মূল্যমানের ৬,৫২০/-(ছয় হাজার পাঁচশত বিশ) টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিরা প্রকাশ্যে অবৈধ ও বেআইনীভাবে জুয়া খেলায় অংশগ্রহণ করায় তাদের বিরুদ্ধে ১৮৬৭ সনের প্রকাশ্যে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ইত্তেফাক/এসজেড