g বিনোদন রিপোর্ট
এ সময়ের জনপ্রিয় জুটি সিয়াম-পূজা অভিনীত ‘শান’ ছবিটির কাজ জমকালো আয়োজনে শুরু হলেও করোনা সবকিছু এলোমেলো দেয়। গতবছর মুক্তির কথা থাকলেও আলোর মুখ দেখেনি ছবিটি। তবে সব প্রতিবন্ধকতা পেরিয়ে আগামী ঈদে মুক্তির কথা রয়েছে। কিন্তু নতুন করে দেশে লকডাউন শুরু হওয়ায় সেখানেও শঙ্কা তৈরি হয়েছে। তবে প্রতীক্ষিত এই সিনেমাটির মুক্তির জন্য প্রচার-পচারণা চলছে শঙ্কা মাথায় রেখেই। তারই অংশ হিসেবে জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে মুক্তি দেওয়া হয়েছে ছবিটির ট্রিজার। আর এতেই বাজিমাত করে দিয়েছেন সিয়াম-পূজা। মুহূর্তেই দর্শকদের নজর কেড়েছে টিজারটি। টিজারটি অবমুক্ত হওয়ার পর থেকেই প্রশংসা পাচ্ছেন সিয়াম-পূজা। ১ মিনিট দৈর্ঘ্যের এই টিজারে তাদের লুক, অভিনয় ও গ্ল্যামার দর্শকের মনোযোগ কেড়েছেন। অনেকই পূজার গ্ল্যামারের প্রশংসায় পঞ্চমুখ।
ছবিটির টিজারে উঠে এসেছে নায়ক সিয়াম আহমেদের ধুন্ধুমার অ্যাকশন। পুরো টিজার জুড়েই অ্যাকশন হিরোর ভূমিকায় দেখা গেছে নায়ক সিয়ামকে। যেমনটা আগে তাকে দেখা যায়নি। সিনেমায় সিয়ামের অ্যাকশন পরিচালনা করেছেন বলিউডের ফাইট ডিরেক্টর আব্বাস আলী মুঘল।
সিয়াম বলেন, ‘টিজারটি প্রকাশের পর থেকে সবার কাছ থেকে প্রচুর রেসপন্স পাচ্ছি। সবাই সিনেমাটি নিয়ে আরো জানতে চাচ্ছে। টিজারের মাধ্যমে আমরা এই কৌতুহলটাই তৈরি করতে চেয়েছি। ঈদে পুরো সিনেমাটি দেখলেই সবাই গল্পটি সম্পর্ক জানতে পারবেন।’
ছবিটি প্রসঙ্গে পূজা চেরি বলেন, ‘একটি ভালো সিনেমার জন্য মাথার ঘাম পায়ে ফেলে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি। ছবিটিতে সিয়াম আহমেদ শুধু একটি ভালো শট দেওয়ার জন্য অনেক ঝুঁকি নিয়েছে। আমিও নিয়েছি। ঝুঁকি নিয়েছে আমাদের সম্পূর্ণ ইউনিট। শুধুমাত্র একটি ভালো শটের জন্য। শান সিনেমা আমরা শুরু করেছিলাম প্রায় দেড়বছর আগে। একটি ভালোমানের, ভালো বাজেটের, ভালো গল্পের ছবি শান। আমার মনে হয় যে, শান ইজ দ্য প্রপার ঈদ সিনেমা।’
সিয়াম-পূজা ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ। এম রাহিম পরিচালিত ছবিটির গল্প লিখেছেন ছবির প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা।