টেকনাফে ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

টেকনাফে পৃথক অভিযানে ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে সীমান্তে দায়িত্বরত বিজিবি। বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের পাশাপাশি জড়িত থাকার অভিযোগে এক জনকে আটক করেছে বিজিবি।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি) জানান, গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি টহল দল মাদকের চালান পাচারের সংবাদ পেয়ে শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া হতে আবুল কালামের পুত্র মো. নুরুল আবছারকে (২২) আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, রাতে নাফ নদীতে মাছ শিকারের সময় মিয়ানমার হতে আসা ইয়াবাভর্তি একটি নৌকা ডাঙ্গর পাড়ায় মো. আমির হোসেনের বাড়িতে রেখে এসেছেন। আমির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি। এ সময় বাড়ির মালিক পালিয়ে যান।

অন্যদিকে রাত সাড়ে ১১টার সময় হোয়াইক্যং খারাংখালী বিওপির জওয়ানেরা দুই-তিন ইয়াবা কারবারিকে ধাওয়া দিলে তারা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। সেখানে পাওয়া যায় ১ লাখ ইয়াবা।