জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় কার্যকরী কমিটির আইনবিষয়ক সম্পাদক ও কুড়িগ্রাম জেলা সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আব্দুর রশিদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার মৃত্যুতে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আব্দুর রশিদ ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ নেতা ও দেশপ্রেমিক রাজনীতিবিদ। তার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি সাধিত হলো। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।
গতকাল সোমবার বেলা ১১টায় ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় অ্যাডভোকেট আব্দুর রশিদ (৫১) মারা যান। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে যান। জানাজা শেষে তাকে কুড়িগ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে কুড়িগ্রামের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তিনি নিবেদিতপ্রাণ রাজনৈতিক ও জনপ্রিয় নেতা ছিলেন। অপর এক বিবৃতিতে জেপির প্রেসিডিয়াম সদস্য কুড়িগ্রামের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।