ইত্তেফাক ডেস্ক
করোনার সংক্রমণ প্রতিরোধে গতকাল সোমবার থেকে ঘোষিত লকডাউন পুরোপুরি মানা হচ্ছে না বিভিন্ন স্থানে। বাস বা লঞ্চ চলাচল বন্ধ থাকলেও সড়কে চলছে অন্যান্য যানবাহন। স্বাস্থ্যবিধি মেনে খোলা স্থানে বাজার পরিচালনার নির্দেশ থাকা সত্ত্বেও তা মানা হচ্ছে না। তবে কোথাও কোথাও কঠোরভাবে নিয়ম মানার খবর পাওয়া গেছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
বরিশাল :ঢিলেঢালাভাবে লকডাউন মানছেন স্থানীয়রা। বাস বা লঞ্চ চলাচল বন্ধ থাকলেও নগরীতে থ্রি হুইলার যাত্রী পরিবহন করছে স্বাভাবিকভাবেই। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে খোলা স্থানে বাজার পরিচালনার নির্দেশনা থাকলেও তা মানছে না কেউ। সরেজমিন নগরীর নথুল্লাবাদ, রুপাতলী, নতুন বাজার, অমৃতলাল দে সড়ক, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক, বাংলাবাজার, বটতলাসহ বিভিন্ন এলাকা ঘুরে লকডাউনের ঢিলেঢালা চিত্র লক্ষ করা গেছে। এদিকে করোনা সচেতনতায় গতকাল সোমবার বেলা ১১টায় শোভাযাত্রা বের করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।
খুলনা :খুলনায় লকডাউনের প্রথম দিন অতিবাহিত হয়েছে ঢিলেঢালাভাবে। নগরীর ডাকবাংলো মোড়, সোনাডাঙ্গা বাস টার্মিনাল, রূপসা ট্রাফিক মোড়ে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
দিনাজপুর :স্বাস্থ্যবিধি না মেনেই গাদাগাদি করে কেনাকাটা করেছে জনসাধারণ। যেন লকডাউন নয়, দিন পেরোলেই ঈদ। তাই সেরে নিতে হবে কেনাকাটা। এই সুযোগে এক দিনের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করেছে অসাধু ব্যবসায়ীরা।
সিলেটে :দিনের শুরুতে কোনো এলাকাতেই লকডাউন মানতে দেখা যায়নি। গতকাল নগরীর বিভিন্ন সড়কে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজেন কুমার সিংহ।
চাঁদপুর : প্রথম দিনে চাঁদপুর থেকে দূরপাল্লার সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। বন্ধ হয়ে গেছে আন্তঃজেলা বাস-ট্রেন-লঞ্চ চলাচল। লঞ্চ টার্মিনাল ছিল জনশূন্য। তবে ওই এলাকার সড়কে ব্যক্তিগত গাড়ি, রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। শহরের সব বিপণিবিতান বন্ধ করে রাখা হয়েছে।
লক্ষ্মীপুর :বিভিন্ন সড়কে জরুরি পরিষেবার এক-দুটি গাড়ি ছাড়া তেমন কোনো যানবাহন চলাচল করছে না। বন্ধ রয়েছে স্থানীয় ও দূরপাল্লার সব ধরনের গণপরিবহন। স্থানীয় দোকানদার ও পরিবহনশ্রমিকেরা জানান, লকডাউনে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
নাটোর :গতকাল সকাল থেকেই ছোট গণপরিবহনের সংখ্যা কম হলেও স্বাভাবিক চলাচল করতে দেখা গেছে। তবে বড় গণপরিবহন ও শপিংমল বন্ধ থাকে।
জয়পুরহাট : জেলা শহরে যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। বিভিন্ন টিসিবির পণ্য বিক্রির দোকান ও ওপেন মার্কেট সেলের (ওএমএস) দোকানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ করা যায়।
ভাণ্ডারিয়া (পিরোজপুর) :গতকাল দুপুরে উপজেলা প্রশাসন মাইকিং করে। ভাণ্ডারিয়া বাজারে থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনাকালে জনসচেতনতায় দিনভর প্রচারণামূলক মাইকিং করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম। অন্যদিকে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির নির্দেশে বৈশ্বিক উচ্চপর্যায়ের করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মানাসহ বিভিন্ন প্রচার-প্রচারণার কাজ করে যাচ্ছেন উপজেলা জেপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ তথ্য জানিয়েছেন জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম বলেন, ‘চলমান লকডাউন কার্যকর করতে প্রচার-প্রচারণা, বিশেষ অভিযান, স্বাস্থ্যবিধি মানাসহ সব ধরনের কাজ অব্যাহত রাখছি।’ ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, উপজেলা প্রশাসনের সহযোগিতা ছাড়াও থানার পুলিশ মনিটরিংয়ের কাজ করে যাচ্ছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, নওগাঁর মহাদেবপুর, টাঙ্গাইলের মির্জাপুর, মৌলভীবাজারের কমলগঞ্জে লকডাউন স্বাভাবিকভাবে মানা হচ্ছে। এছাড়া গোপালগঞ্জের কোটালীপাড়া, ময়মনসিংহের গফরগাঁও, রাজশাহীর তানোর, শেরপুরের নকলা, ভোলার মনপুরা, চট্টগ্রামের লোহাগাড়া, নওগাঁর বদলগাছী ও মান্দা, কুষ্টিয়ার দৌলতপুর, সিরাজগঞ্জের বেলকুচি, বরিশালের আগৈলঝাড়া, গৌরনদী ও বানারিপাড়া এবং নোয়াখালীর হাতিয়ায় স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।