মঠবাড়িয়ায় নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

আটক ৫

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

মঠবাড়িয়ায় নিখোঁজ কলেজছাত্র আল আমিন আকনের (২১) লাশ রবিবার রাতে উদ্ধার হয়েছে। উপজেলার ভেচকি গ্রামের কৃষিজমির মাঠ থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আল আমিন উপজেলার উত্তর ভেচকি গ্রামের মুদি মনোহারী ব্যবসায়ী সিদ্দিক আকনের ছেলে। সে পার্শ্ববর্তী বামনা উপজেলার ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের ছাত্র ছিল। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কলেজছাত্র আল আমিন শনিবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। রবিবার সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী গ্রামের কৃষিজমিতে তার লাশ পাওয়া যায়। ছেলে হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের কঠোর বিচার দাবি করেছেন নিহত আল আমিনের বাবা সিদ্দিক আকন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান জানান, নিহত যুবকের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। পাঁচ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুনের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।