রাজশাহীতে র্যাব সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীতে তামান্না ইয়াসমিন স্বর্ণা (২২) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে র্যাব ৫-এর রাজশাহীর সদর দপ্তরের কোয়ার্টার থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি আশরাফুল ইসলাম নামে এক র্যাব সদস্যের স্ত্রী। এ ঘটনায় নগরীর কাশিয়াডাঙ্গা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। এ বিষয়ে নিহতের স্বামী ও র্যাব ৫-এর সদস্য আশরাফুল ইসলাম জানান, রাত ২টার দিকে স্বর্ণাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। র্যাবের বরাত দিয়ে নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, রাতে ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্বর্ণাকে উদ্ধার করা হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ায় পথে তার মৃত্যু হয়। হাসপাতাল থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।