ইত্তেফাক রিপোর্ট
রাজধানী ও চট্টগ্রামে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে বিক্রির (মূল্য সংযোজন কর) সঠিক হিসাব সংরক্ষণ ও কাঙ্ক্ষিত ভ্যাট আদায়ের লক্ষ্যে স্থাপিত ইএফডি মেশিনের মাধ্যমে ক্রেতাদের প্রদানকৃত চালানের ওপর গতকাল লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। ক্রেতাদের ইএফডির মাধ্যমে পণ্য ক্রয়ে উত্সাহিত করতে গত তিন মাস ধরে প্রতি মাসে তাদের সরবরাহকৃত চালানের ওপর ড্র অনুষ্ঠিত হয়ে আসছে। সর্বোচ্চ ১ লাখ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত মোট ১০১ জনকে লটারির মাধ্যমে পুরস্কৃত করা হয়।
গতকাল সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ঐ ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
লটারির ড্রয়ের ফলাফল এনবিআরের ওয়েবসাইটে (www.nbr.gov.bd) ও পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে। এনবিআর সূত্র জানায়, লটারি বিজয়ী যে কোনো কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে পুরস্কারের জন্য এনবিআরের নির্ধারিত ফরমে নির্ধারিত সময়ের মধ্যে পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। পুরস্কারের জন্য আবেদনপত্রের সঙ্গে মূল চালানপত্র সংযুক্ত করতে হবে। অন্যথায় আবেদন পুরস্কারের জন্য বিবেচিত হবে না। এনবিআর চেয়ারম্যান জানান, আগামী জুনের মধ্যে দেশব্যাপী ১০ হাজার ব্যবসাপ্রতিষ্ঠানে ইএফডি মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে।