করোনা পরিস্থিতিতে অনলাইন প্ল্যাটফরমে লেনদেনে উত্সাহিত করছে ডিএসই

ডিএসইর অফিস সময়সূচি পরিবর্তন

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাস পরিস্থিতিতে সতর্কতার অংশ হিসেবে বিনিয়োগকারীদের অনলাইন প্ল্যাটফরমে লেনদেন করার বিষয়ে উত্সাহিত করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে উল্লেখ করে ডিএসই। সারা দেশে করোনা ভাইরাস পরিস্থিতির ভয়াবহতায় বিশেষ সতর্কতার অংশ হিসেবে সরকার লকডাউন ঘোষণা করায় ব্যাংকের সময়সূচিতে পরিবর্তন এসেছে। ব্যাংকের লেনদেনের সময়ের সঙ্গে সমন্বয় করে শেয়ারবাজারে লেনদেনের সময় কমানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত গতকাল সোমবার থেকে শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা লেনদেন হবে। এ পরিস্থিতিতে ডিএসইর অফিস সময়েও পরিবর্তন করা হয়েছে বলে ঐ প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আজ মঙ্গলবার থেকে ডিএসইর অফিস সময়সূচি হবে সকাল ৯টা থেকে আড়াইটা পর্যন্ত।