ইনজুরি পিছু ছাড়ছে না পাকিস্তানের লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাব খানের। কুঁচকি, হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন তিনি। এবার পায়ের আঙুলের চোটে পড়েছেন শাদাব। যার ফলে আফ্রিকা সফরই শেষ হয়ে গেছে তার। সফরের পরের ম্যাচগুলোতে তাকে পাবে না পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গতকাল জানিয়েছে, ইনজুরির কারণে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে শাদাবকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের আঙুলে ব্যথা পান শাদাব। এক্সরেতে সূক্ষ্ম চিড় ধরা পড়েছে তার পায়ের আঙুলে। আফ্রিকা সফরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। দুই ওয়ানডে শেষে সিরিজে ১-১ এ সমতা বিরাজ করেছে। আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল।