দুই মাস আগেও এক ম্যাচ হাতে রেখে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে ছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। ভক্তদের ২০১৪ সালের পর প্রথম লা লিগা শিরোপার স্বপ্ন দেখানো ডিয়েগো সিমিওনের শিষ্যরা এখন নিজেরাই সেই স্বপ্ন ধ্বংস করছে। লা লিগায় গত রবিবার সেভিয়ার কাছে ০-১ গোলে হেরে টেবিলের শীর্ষস্থান অনেকটাই নড়বড়ে করে ফেলেছে লুইস সুয়ারেজরা। গতকাল রাতে ভায়াদলিদের বিপক্ষে বার্সেলোনা জিতে থাকলে অ্যাটলেটির ১ পয়েন্টের ব্যবধানে চলে এসেছে তারা। সেভিয়ার ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচের একমাত্র গোলটি করেছেন সেভিয়ার আর্জেন্টাইন ফুলব্যাক মার্কোস অ্যাকুনিয়া। অপর ফুলব্যাক জেসুস নাভাসের ক্রস থেকে হেড করে ম্যাচের ৭০ মিনিটে এই গোল করেছেন তিনি। এর আগে ম্যাচের অষ্টম মিনিটেই সেভিয়ার একটি পেনাল্টি ফিরিয়ে দিয়েছিলেন অ্যাটলেটি গোলরক্ষক ইয়ান ওবলাক।