বাফুফেতে ফিফার অনুদান বন্ধ

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুদান বন্ধ করে দিয়েছে ফিফা। প্রতি বছর সাড়ে ৪ লাখ ডলার পেয়ে থাকে বাফুফে। কিন্তু এ বছর নাকি এখনো অনুদান পায়নি। জানা যায়, অর্থ ব্যয়ের সঠিক হিসাব না পেয়ে ফিফা অনুদান বন্ধ রেখেছে। আজ এব্যপারে ফিফার সঙ্গে বাফুফের ভার্চুয়াল মিটিং রয়েছে। সেখানে অনুদানের বিষয়ে আলোচনা হবে। এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর সঙ্গে যোগাযোগ করেও ফোনে পাওয়া যায়নি তাকে। তবে অন্য একটি সূত্রে জানা গেছে সালাম মুর্শেদীও ফিফার বিষয়টি অবগত। তিনিও বাফুফের অর্থনৈতিক ব্যাপারে খুবই নাখোশ। জানা যায়, যদি ফিফার সঙ্গে আজকের আলোচনা ফলপ্রসূ হয় তাহলে পুনরায় অর্থ ছাড় দেওয়া হতে পারে। অর্থনৈতিক বিষয়ে অসন্তুষ্ট ফিফা গত ৩০ মার্চ চিঠি পাঠিয়েছে বাফুফেকে।

জানা গেছে বাফুফের অর্থ বিভাগের প্রধান আবু হোসেনকে বাফুফে হতে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। বাফুফের কাছে একাধিক প্রতিষ্ঠানের বকেয়া বিল কোটি টাকার ওপর।