গাজীপুরের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি সোমবার সকালে গাজীপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় নিজেই এ কথা জানিয়েছেন। এ সময় তিনি সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান জানান, সরকারঘোষিত লকডাউনের প্রথম দিন জুম অ্যাপসের মাধ্যমে অনুষ্ঠিত গাজীপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় লকডাউন বাস্তবায়ন এবং সরকার নির্দেশিত ১৮ দফা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জেলা প্রশাসক সমাপনী বক্তব্য প্রদানকালে তার করোনা পজিটিভ হওয়ার বিষয়টি সবাইকে অবহিত করেন এবং তিনি সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন। সভায় গাজীপুর সিভিল সার্জনসহ কমিটির সদস্য বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের রবিবার নমুনার ফলাফলে পজিটিভ পাওয়া যায়। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। তিনি গত ১৮ ফেব্রুয়ারি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা গ্রহণ করেছিলেন।