ভিডিও ভাইরাল কুষ্টিয়ার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হক সোনারগাঁও রিসোর্টে নারীসহ অবরুদ্ধের পর তার পক্ষে ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ায় কুষ্টিয়ায় কর্মরত এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তিনি কুষ্টিয়া পুলিশ লাইনে ইন-সার্ভিস ট্রেইনিং সেন্টারে কর্মরত এএসআই গোলাম রাব্বানী। খুলনা রেঞ্জের ডিআইজি দপ্তরের আদেশে রবিবার রাতে ঐ পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। 

পুলিশের পোশাক পরিহিত অবস্থায় রবিবার ফেসবুফ লাইভে এসে এএসআই রাব্বানী বলেন, কাল মোবাইলে দেখলাম মামুনুল হক হুজুরের একটি ভিডিও। ভিডিওতে দেখলাম, স্ত্রীর সঙ্গে তিনি একটা রিসোর্টে বেড়াতে গেছেন। অধিকাংশ সাংবাদিক সেখানে চিল্লাপাল্লা করে তার কাবিননামা দেখতে চাচ্ছে। আপনাকে এই অধিকার কে দিয়েছে?  আমি তো পুলিশের চাকরি করি, এটা আমার জানা নাই। তার স্ত্রী ব্যতীত অন্য কাউকে নিয়ে গেলে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতো। মিডিয়ার মাধ্যমে এমন একটা আলেম মানুষকে ষড়যন্ত্রমূলকভাবে হেনস্তা করার চেষ্টা করা হচ্ছে। উনার মতো একজন আলেম এ ধরনের কাজ করবে এটা আমি বিশ্বাস করি না। মামুনুল হক যদি ব্যভিচারী হয়ে থাকে তাহলে তাকে পাথর মেরে হত্যার কথাও ডিভিওতে প্রচার করা হয়।

তিনি বলেন, মিডিয়াগুলোর অধিকাংশই বদমাইশ। সাংবাদিকরা বিভিন্ন সময় মাল খেয়ে অপকর্ম চাপা দেয়। মাল না পেলেই প্রকাশ করা হয় খবর । তাদের কোনো বেতন-তেটন নেই। সারা দিন তারা টো-টো করে ঘুরে বেড়ায়। এরা এখন একজন আলেমকে পচানোর চেষ্টা করছে।