আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে ধর্মব্যবসায়ীদের মুখোশ খুলে গেছে। হেফাজত নেতার নৈতিক অবনমনের বিষয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা তথ্যনির্ভর। সেখানে বিন্দুমাত্র ভুল তথ্য নেই।’
গতকাল সোমবার সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর বক্তব্য ধর্ম ব্যবসায়ীদের আঁতে ঘা লেগেছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, জনগণ ভেবেছে এ লজ্জাজনক ঘটনার পর তথাকথিত নেতারা জনসম্মুখে ক্ষমা চাইবেন, কিন্তু দেখা যাচ্ছে ‘চোরের মায়ের বড় গলা’। ওবায়দুল কাদের বলেন, এদেশ পির-আউলিয়া ও ওলামায়ে কেরামের দেশ। এখানে ধর্মকে অধর্মের হাতিয়ারে পরিণত করতে দেবে না জনগণ। তিনি বলেন, তাদের একজন নেতা সোনারগাঁওতে একটি রিসোর্টে অনৈতিক কাজ করার সময় ধরা পড়ার পর তাদের ফোনালাপসহ অন্যান্য বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, এসব অনৈতিক ঘটনার সমর্থনে দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের যে তাণ্ডবলীলা চলছে, তাতে এই উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীর স্বরূপ উন্মোচিত হয়েছে। এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে টার্গেট করেই তারা তাদের পুরোনো পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। তিনি এই অপশক্তিকে প্রতিহত ও পরাজিত করার জন্য মুক্তিযুদ্ধের সব দেশপ্রেমিক জনগণকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী করোনার সংক্রমণ ও মৃত্যুর হার হঠাত্ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সরকারের ১৮ দফা নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।