নাটোরে রসুন নিয়ে বাজারে যাওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই কৃষক নিহত হয়েছেন। সুনামগঞ্জে ট্রাক্টরের চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। গাইবান্ধায় ট্রাকচাপায় রিকশাভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। গত রবিবার ময়মনসিংহে বাস-মাহেন্দ্র সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। চট্টগ্রামে ট্রলারের খোলের ভেতরে কাজ করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ফরিদপুরে ট্রাক-মাইক্রোবাস দুর্ঘটনায় গতকাল আরো এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ বহনকারী দুটি পিকআপ ভ্যানকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে পুলিশের ২১ জন সদস্য আহত হন। তাদের মধ্যে ছয় জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বিভাগীয় অফিস, জেলা প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
নাটোর :ট্রাকের চাপায় নাটোরের সুলতানপুর এলাকার শহিদুল (৪৫) ও আব্দুস সামাদ (৬০) নামে দুই কৃষক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে তারা রসুন নিয়ে ঝলমলিয়া হাটে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন আরো দুই জন। আহত একই গ্রামের মোজাম্মেল হক (৪০) ও আবুল কালামকে পুঠিয়া হেলথ কমপ্লেক্সে পাঠানো হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী জানান, ভ্যানগাড়িটির সামনের চাকা ফেটে গেলে তারা মহাসড়কে পড়ে যান। এ সময় মালবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হন তারা। পুলিশ ট্রাকটিকে আটক করেছে। থানায় মামলা হয়েছে।
সুনামগঞ্জ :সুনামগঞ্জের শাল্লা উপজেলার আনন্দপুরে ট্রাক্টরচাপায় মহিতুষ প্রকাশ বাদল দাস (৩৩) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিক শাল্লা উপজেলার হবিবপুর গ্রামের মানিক দাসের ছেলে। গতকাল সোমবার দুপুরে শাল্লা উপজেলার আনন্দপুর বাজারে ঐ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাক্টরচালক ট্রাক্টরটি রেখে পালিয়ে যান।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) :গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় জাহিদুল ইসলাম (৫৬) নামে রিকশাভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। তিনি উপজেলার বালুয়া বাজারের এসোব আলীর ছেলে। পেশায় ভাঙারি ব্যবসায়ী। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের কাটাখালী নতুন ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। ট্রাকটি জাহিদুলের ট্রাককে ধাক্কা দিলে পেছন থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ট্রাকটি আটক করেছে। জাহিদুলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর (ঝিনাইদহ) :ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় গতকাল সোমবার সকালে চিকিত্সাধীন অবস্থায় আরো এক জনের মৃত্যু হয়েছে। উপজেলার সামন্তা গ্রামের কাশেম আলীর ছেলে আতিয়ার রহমান মন্টু (৪৫) যশোর পঙ্গু হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১১। গত ২১ মার্চ সামন্তা গ্রামের ঐ পরিবারের লোকজন মাইক্রোবাসে করে ঢাকায় যাওয়ার পথে ফরিদপুরে ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটে। ঐ দুর্ঘটনায় শিশুসহ ১০ জন নিহত হয়। আহতদের মধ্যে গতকাল সোমবার মন্টুর মৃত্যু হয়।
চট্টগ্রাম :চট্টগ্রাম বন্দরের গভীর সমুদ্র এলাকায় একটি জাহাজের খোলের ভেতরে কাজ করতে গিয়ে আবদুল্লাহ (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ি থেকে জাহাজে শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে তাকে উদ্ধার করা হলেও গভীর সমুদ্র থেকে হাসপাতালে আনতে আনতে রাত ১০টা বেজে যায়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে জানিয়ে দেন।
গৌরীপুর (ময়মনসিংহ) :ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার গাজীপুর এলাকায় গত রবিবার রাতে ময়মনসিংহগামী বাসের সঙ্গে ঈশ্বরগঞ্জগামী যাত্রীবাহী মাহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত ও তিন জন আহত হন। নিহত ব্যক্তির নাম শামছুল হক (৬০)। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের জাটিয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। আহতরা হলেন আজিম উদ্দিন (৫২) ও বাঁশাটি গ্রামের ওয়াদুদ (১৬)। অন্যজনের পরিচয় জানা যায়নি। গৌরীপুর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই বাসার বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
ব্রাহ্মণবাড়িয়া :ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে পুলিশের পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পুলিশের ২১ সদস্য আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের (শহর বাইপাস) ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পশ্চিম মেড্ডার মার্কাজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ছয় জনকে ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে জেলা পুলিশের রিকুইজিশন করা পুলিশবাহী দুটি পিকআপ কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরা-কাউতলী, ভাদুঘর-পৈরতলা-বিরাসার এলাকায় পেট্রল ডিউটি পালন করার সময় বিপরীত দিকে থেকে আসা ইকোনো পরিবহনের একটি বাস যাত্রীবিহীন অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে একে একে পুলিশবাহী দুটি পিকআপ ভ্যানকেই আঘাত করে। এতে ঘটনাস্থলেই চালকসহ পুলিশের ২১ সদস্য আহত হন। পুলিশ ইকোনো পরিবহনের বাসটি আটক এবং এর চালক ইউসুফ আলীকে গ্রেফতার করেছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।