ট্রাম্পের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই বামপন্থিরা দাঙ্গা বাধিয়েছিল

যুক্তরাষ্ট্রে রিপাবলিকানদের অর্ধেকই মনে করেন, গত ৬ জানুয়ারি কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনার তথ্য মিথ্যা। তারা মনে করেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই বামপন্থিরা দাঙ্গার ঘটনা ঘটেয়েছিল। বার্তা সংস্থা রয়টার্স ও ইপসোসের জরিপে এ তথ্য জানা গেছে। প্রতি ১০ জনে ছয় জন রিপাবলিকান ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ট্রাম্পের দাবিকে সত্য বলে মনে করেন। ট্রাম্প দাবি করেছিলেন, প্রতারণার মাধ্যমে তার জয়কে ছিনিয়ে নিয়েছেন ডেমোক্র্যাটরা। ৩০-৩১ মার্চ করা জরিপে এসব রিপাবলিকান মনে করেন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও ট্রাম্পের প্রার্থী হওয়া উচিত। ক্যাপিটল হিলে দাঙ্গার পর থেকেই রিপাবলিকানরা ও ডানপন্থি মিডিয়া এ ঘটনাকে ভিন্নভাবে চিত্রায়িত করার চেষ্টা করছে।

সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া সাক্ষাত্কারে ট্রাম্প দাবি করেছিলেন, দাঙ্গাকারীরা ক্যাপিটল হিলের জন্য জিরো হুমকি ছিলেন। আর দাঙ্গার পেছনে ট্রাম্পের সমর্থকেরা আসলেই ছিলেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রিপাবলিকান সিনেটর রন জনসন। ক্যাপিটল হিলের দাঙ্গায় এক পুলিশ কর্মকর্তাকে সম্মান জানানোর একটি প্রস্তাবে গত মাসে প্রতিনিধি পরিষদের ১২ রিপাবলিকান বিরোধিতা করেছিলেন। জরিপে দেখা যায়, গুরুত্বপূর্ণ রিপাবলিকান নেতারাই ক্যাপিটল হিলের দাঙ্গাকে রহস্য হিসেবে উল্লেখ করেছেন। অথচ ৫৯ শতাংশ আমেরিকান মনে করেন, দাঙ্গার পেছনে ট্রাম্পের হাত আছে। প্রতি ১০ জনে মাত্র তিন জন রিপাবলিকান এই তথ্য বিশ্বাস করেন। ডেমোক্র্যাটদের ১০ জনের মধ্যে আট জন এবং নিরপেক্ষ মার্কিনিদের ১০ জনে ছয় জন বিশ্বাস করেন না যে, ক্যাপিটলের ঘটনা শান্তিপূর্ণ ছিল এবং সেটি বামপন্থিদের কাজ ছিল।