ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের আন্দোলনের সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনায় মো. আরমান আলিফ (২২) নামের এক তরুণ অস্ত্র ও গুলিসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে র্যাব-১৪-এর অধিনায়ক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত জানান, রবিবার রাত ৯টার দিকে সদর উপজেলার বিশ্বরোড এলাকা থেকে তাকে আটক করে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ এড়াতে আরমান চুল-দাড়ি কামিয়ে ফেলেন। আটক আরমান নাসিরনগর উপজেলার ফুলকাকান্দি গ্রামের শুকুর মিয়ার ছেলে। তবে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাজীপাড়ায় ভাড়া থাকতেন।
সংবাদ সম্মেলনে লে. কর্নেল আবু নাঈম মো. তালাত জানান, আরমানের দেওয়া তথ্যমতে শহরের কাজীপাড়া মহল্লার ভাড়াবাসা থেকে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের কাজে ব্যবহূত শাবলটি উদ্ধার করা হয়। এছাড়া তার বাসা থেকে একটি পিস্তল ও দুটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। তিনি আরো জানান, ভিডিও ফুটেজের ছবি দেখে আরমানকে শনাক্ত করা হয়। সংবাদ সম্মেলনে র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার রফিউদ্দিন মো. যোবায়ের উপস্থিত ছিলেন।