চট্টগ্রামে করোনা শনাক্তের সংখ্যা ৪২ হাজার ছাড়ালো

চট্টগ্রামে করোনা ভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টার রিপোর্টে আরও ৪৯৪ জন আক্রান্ত শনাক্ত হন। সংক্রমণ হার ১৯ দশমিক ৪৫ শতাংশ। এ সময়ে করোনায় আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, নগরীর আটটি ল্যাবে গতকাল সোমবার চট্টগ্রামের ২ হাজার ৫৪০ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৪৯৪ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের বাসিন্দা ৪৩৯ জন ও এগারো উপজেলার ৫৫ জন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৪২ হাজার ৩০১ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৩৩ হাজার ৮২১ জন ও গ্রামের ৮ হাজার ৪৮০ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে সর্বোচ্চ ১৫ জন, রাউজানে ১২ জন, ফটিকছড়িতে ১০ জন, পটিয়ায় ৫ জন, সীতাকুণ্ড ও বোয়ালখালীতে ৩ জন করে, রাঙ্গুনিয়া ও মিরসরাইয়ে ২ জন করে এবং লোহাগাড়া, বাঁশখালী ও আনোয়ারায় একজন করে রয়েছেন।

গতকাল করোনায় একজন মারা যান। মৃতের সংখ্যা এখন ৩৯৬ জন। এতে শহরের বাসিন্দা ২৯১ জন ও গ্রামের ১০৫ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ৬৬ জন। ফলে মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৩৪ হাজার ৪১০ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ৬৭০ জন এবং বাসায় থেকে চিকিৎসায় সুস্থ হন ২৯ হাজার ৭৪০ জন। হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশনে যুক্ত হন ৩৫ জন ও ছাড়পত্র নেন ২০ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন এক হাজার ২৫৯ জন।

গতকাল শনাক্ত রোগীর সংখ্যা চট্টগ্রামে একদিনের দ্বিতীয় সর্বোচ্চ। ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম ভাইরাসবাহক শনাক্তের পর গত ১ এপ্রিল করোনাকালের সর্বোচ্চ ৫১৮ জনের সংক্রমণ শনাক্ত হয়। সংক্রমণ হার ২০ দশমিক ৪৩ শতাংশ। এ সময়ে এক করোনা রোগীর মৃত্যু হয়। ২ এপ্রিল মার্চ ৪৬৭ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এটি চট্টগ্রামে তৃতীয় সর্বোচ্চ সংক্রমণ। সংক্রমণের হার ১৮ দশমিক ৫১ শতাংশ। এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। করোনার প্রথম প্রকোপের সময় গত বছর ৩০ জুন আক্রান্তের সংখ্যা একদিনে সর্বোচ্চ ৪৪৫ জন পর্যন্ত ওঠেছিল।

ইত্তেফাক/কেকে