বিনোদন প্রতিবেদক
কেমন আছেন মিয়া ভাই চিত্রনায়ক ফারুক? মাঝে কিছুদিনের জন্য দেশে এলে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তা আবার সেরেও উঠেছিলেন। কিন্তু আবারো শারীরিক নানা জটিলতায় বর্তমানে সংকটাপন্ন রয়েছেন চলচ্চিত্রের এই কিংবদন্তী অভিনেতা।
রক্তে ব্যাক্টেরিয়াজনিত সংক্রমণ ভয়াবহভাবে ছড়িয়ে পড়ায় গত ২১ মার্চ থেকে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, অভিনেতা-সাংসদ ফারুকের অবস্থা সংকটাপন্ন। সকলের কাছে দোয়া চেয়েছে পরিবার।
এদিকে চিত্রনায়ক ফারুকের ছেলে রোশান হোসেন পাঠান বলেন, ‘গত ২১ মার্চ থেকে বাবা আইসিইউতে আছেন। রক্তে সংক্রমণ মারাত্মক বেড়েছে। সর্বশেষ আজ (গতকাল) পাকস্থলিতে ইন্টারনাল রক্তক্ষরণ হয়েছে। এর আগে গত ১৫ মার্চ খিচুনি শুরু হলে ওনার মস্তিষ্কে একটি সিজার করা হয়। অবস্থা অনেকখানিই নাজুক। ডাক্তাররা সংকটাপন্নই বলছেন। এদিকে আমার মাও খুব ভেঙে পড়েছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, গত ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল ফারুককে। এর আগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। দেশটিতেই তার রক্তে সংক্রমণ ও টিবি ধরা পড়েছিল।