দুবাইয়ে বারান্দায় নগ্ন ছবি তুলে গ্রেফতার

বিবিসি

দুবাইয়ে একটি অ্যাপার্টমেন্টের বারান্দায় একদল নারীর নগ্ন হয়ে ছবি তোলার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর জনসম্মুখে লাম্পট্যের অভিযোগে পুলিশ তাদের গ্রেফতার করেছে। শনিবার মেরিনা ডিস্ট্রিক্টে ঐ নারীদের ছবি তোলার ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ে।

তাদের মধ্যে ১১ জন ইউক্রেইনের নাগরিক বলে নিশ্চিত করেছে ইউক্রেইন কনস্যুলেট। রুশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আটকদের দলে রাশিয়ার একজন নারীও আছেন। দুবাইয়ের আইন অনুযায়ী জনসম্মুখে লাম্পট্যের অভিযোগে দোষীসাব্যস্ত হলে তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড এবং ৫ হাজার দিরহাম জরিমানা দিতে হতে পারে।

ইউক্রেইন কনস্যুলেট থেকে আগামী মঙ্গলবার ঐ নারীদের সঙ্গে দেখা করার কথা। আর রুশ সংবাদমাধ্যমে শুরুতে দেশটির আট জন নারী ঐ দলে থাকার কথা বললেও পরে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নিউজ এজেন্সি জানায়, দলে একজন নারী রুশ এবং তিনি ঐ ফটোশুটের আয়োজন করেছিলেন। এজন্য তার সর্বোচ্চ ১৮ মাসের কারাদণ্ড হতে পারে।

দুবাই পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের অগ্রহণযোগ্য আচরণ আমিরাতের সমাজ ব্যবস্থার নীতি ও মূল্যবোধকে কোনোভাবেই ধারণ করে না।’ দুবাইয়ের আইন অনুযায়ী সেখানে বসবাস করা বা ভ্রমণে যাওয়া সবাই সেখানকার আইন মেনে চলতে হয়।