চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে কওমি মাদ্রাসাকে ৭৮ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম অফিস

নগরীতে প্রায় দেড় লাখ ঘনফুট পাহাড় কাটা এবং ছড়া ভরাটের দায়ে একটি কওমি মাদ্রাসাকে ৭৮ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের এনফোর্সমেন্ট শাখার এ আদেশ সংস্থার চট্টগ্রাম মহানগর কার্যালয়ে এসে পৌঁছেছে। গত ৩১ মার্চ এনফোর্সমেন্ট শাখার পরিচালক এ আদেশ দেন। নগরীর বায়েজিদ বোস্তামি থানার জালালাবাদ আরেফিন নগর এলাকায় জালালাবাদ তালীমূল কোরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মো. তৈয়বকে ১৫ এপ্রিলের মধ্যে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ এবং তিন মাসের মধ্যে কর্তন করা পাহাড় আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক জানান, গত বছরের আগস্ট ও সেপ্টেম্বরে তিন দফায় আরেফিন নগর এলাকা পরিদর্শন করে কওমি মাদ্রাসার জন্য পাহাড় কাটার প্রমাণ পায় পরিবেশ অধিদপ্তরের টিম। ঐ পাহাড়ের চারটি স্থানে যথাক্রমে ৭০ হাজার ৩০০,  ৯ হাজার ৬০০, ৭৫ হাজার এবং ১ হাজার ২৫০ ঘনফুট পাহাড় কেটে সমান করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদনে উঠে আসে। এছাড়া ছড়া শ্রেণির জমি ভরাটেরও প্রমাণ পায় অধিদপ্তরের টিম। তিনি জানান, জালালাবাদ তালীমূল কোরআন মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এ সংক্রান্ত প্রতিবেদন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে পাঠানো হয়েছিল। সদর দপ্তরের এনফোর্সমেন্ট শাখা থেকে মাদ্রাসার প্রতিনিধিকে শুনানিতে হাজির হওয়ার জন্য কয়েক বার নোটিশ পাঠানো হয়। কিন্তু তারা কেউ হাজির হননি। মাদ্রাসা কর্তৃপক্ষকে পাহাড় কাটা ও ছড়া ভরাটের জন্য ৭৮ লাখ ৭ হাজার ৫০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।