মুন্সীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি

টঙ্গীবাড়ি উপজেলা কাইচাইল-তালতলা-ডহুরী খালের পানিতে ডুবে দক্ষিণ আফ্রিকা প্রবাসী আব্দুল্লাহপুর গ্রামের স্বপন মিয়ার শিশুপুত্র জাকারিয়া ইসলাম শাহাদাতের (৭) মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নানা মনির হোসেন জানান, সোমবার দুপুরে খালের পানিতে শাহাদাত ও তার খালাতো ভাই সাদনাম সাফি (৭) গোসল করতে নামলে দুজনই খালের পানির স্রোতে ভেসে তলিয়ে যায়। স্থানীয়রা দেখে সাদনাম সাফিকে জীবিত উদ্ধার করলেও শাহাদাত ডুবে গিয়ে নিখোঁজ হয়। এক ঘণ্টা পর পানি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক ডা. ফাতিমা আক্তার শিশুকে মৃত ঘোষণা করেন। নিহত শাহাদাত তার মায়ের সঙ্গে আব্দুল্লাহপুর থেকে কাইচাইল তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হয়।