সখীপুরে সিঁধ কেটে শিশু চুরির পাঁচ দিন পর উদ্ধার

গ্রেফতার ৪

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সখীপুরে সিঁধ কেটে এক শিশু চুরি হওয়ার পাঁচ দিন পর মঙ্গলবার দেলদুয়ারের জাঙ্গালিয়া গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। চুরির ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার  শিশু জুনায়েদ (দুই মাস) পিবিআইয়ের হেফাজতে রয়েছে। গ্রেফতারকৃতরা হলো—শফিকুল ইসলাম, পরাণ খান ওরফে জামাল, তার স্ত্রী শিউলী আক্তার ও পরাণের বোন রওশন আরা বেগম।

মামলার তদন্ত কর্মকর্তা ও সখীপুর থানার এসআই মো. মনিরুজ্জামান জানান, বুধবার শিশুটিকে আদালতের মাধ্যমে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হবে। সখীপুর থানার ওসি এ কে সাইদুল হক ভূঁইয়া জানান, বাকিদের ধরতে ঐ চার জনকে সঙ্গে নিয়ে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টাঙ্গাইলের এসআই মোহাম্মদ আশরাফ উদ্দিন খান জানান, সখীপুর থানাপুলিশ ও পিবিআই  যৌথ অভিযান পরিচালনা করে মঙ্গলবার ভোরে শিশুটিকে উদ্ধার করেছে।

উল্লেখ্য, গত ৩১ মার্চ রাতে উপজেলার শোলাপ্রতিমা গ্রামের ট্রাকচালক আছির উদ্দিনের ছেলে জুনায়েদকে সিঁধ কেটে ঘরে ঢুকে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি সখীপুর থানায় মামলা দায়ের করেন।