চট্টগ্রাম অফিস
নগরীতে মাইক্রোবাসের ধাক্কায় এক সাইকেলচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় বায়েজিদ লিংক রোডে সংঘটিত এই দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আফছার আলী (৭০)। তিনি একটি প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ড ছিলেন। নিহত আফছার আলী সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার মৃত মো. শহীদ উদ্দীনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আফছার আলী বাড়ি থেকে সাইকেলে চড়ে কর্মস্থলে যাচ্ছিলেন। বায়েজিদ লিংক রোডে তার সাইকেলকে দ্রুত গতির মাইক্রোবাস ধাক্কা দিলে গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, মাইক্রোবাসের ধাক্কায় আহত সিকিউরিটি গার্ডকে হাসপাতালে আনা হয় সকাল সাড়ে ৯টায়। পরে জরুরি বিভাগের চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।