কালিহাতীতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

স্ত্রী ও তার প্রেমিক আটক

কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা

কালিহাতীতে নিখোঁজ এক ব্যক্তির লাশ মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. চাঁন মিয়া। তিনি উপজেলার এলেঙ্গা পৌরসভার বাঁশী গ্রামের মো. মোন্তাজ আলীর ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী রেজিনা বেগম ও তার প্রেমিক আব্দুল হালিমকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে চাঁন মিয়া নিখোঁজ ছিলেন।

কালিহাতী থানার তদন্ত কর্মকর্তা রাহেদুল ইসলাম জানান, রেজিনা বেগমের সঙ্গে হালিমের পরকীয়া ছিল। এতে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে রেজিনা ও তার প্রেমিক হালিম গত শনিবার রাতে চাঁন মিয়াকে শ্বাসরোধে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে রাখে। পুলিশ অভিযুক্ত দুই জনকে আটক করে এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।