স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের তায়কোয়ানডোতে প্রথমবার অংশগ্রহন করেই স্বর্ণ জিতেছেন আনসার ও ভিডিপির রুমা খাতুন। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে সিনিয়র নারী পুমসে (১৭-২৪ বছর) ইভেন্টে ৭.৭০ স্কোর করে স্বর্ণ জিতেছেন ফরিদপুর থেকে ওঠে আসা এ অ্যাথলেট।
স্বর্ণ পদক জয়ের উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে গতকাল রুমা বলেছেন, ‘এটা আমার প্রথম বাংলাদেশ গেমস। আর প্রথমবারই স্বর্ণ জিতেছি। বলে বোঝাতে পারব না কত ভালো লাগছে।’
পরে নারী পুমস সিনিয়র (১৭-২৪ বছর) দলীয় ইভেন্টে আনসার ও ভিডিপির স্বর্ণ জয়েও অংশীদার ছিলেন রুমা। এ ইভেন্টে ৭.১০ স্কোর করে আনসারকে সোনার পদক এনে দিয়েছেন রুমা খাতুন, আশিফা আরজু ও রিমা খাতুন। রৌপ্য জিতেছে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এবং ব্রোঞ্জ জিতেছে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা।
তায়কোয়ানডোর সিনিয়র নারী পুমস দ্বৈত (১৭-২৪ বছর) ইভেন্টে ৭.৩০ স্কোর গড়ে স্বর্ণ জিতেছেন সেনাবাহিনীর সুমাইয়া ইসলাম এ্যানি ও আনিকা আক্তার।
গেমসের গলফ উদ্বোধন
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের গলফ কুর্মিটোলা গলফ কোর্সে গতকাল শুরু হয়েছে। সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফট্যানেন্ট জেনারেল এস এম শফিউদ্দীন আহমেদ উদ্বোধন করেন। ১২টি ক্লাব দল ছাড়াও সার্ভিসেস দল সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী , আনসার ও ভিডিপি দল সহ ১৭ দলের প্রায় ১৬০ জন গলফার ছয় ইভেন্টে ১৮ পদকের জন্য লড়বেন।
আর্চারিতে আর্মি আর্চারি ক্লাব সেরা
গেমসের আর্চারিতে মোট ১০ স্বর্ণ পদকের মধ্যে ৪টি স্বর্ণসহ সর্বাধিক ৮ পদক নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ঢাকা আর্মি আর্চারি ক্লাব। ২টি স্বর্ণ সহ ৫ পদক নিয়ে ২য় অবস্থান পেয়েছে বিকেএসপি। ২টি স্বর্ণসহ ৮ পদক নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে পুলিশ আর্চারি ক্লাব। এবারের গেমস আর্চারিতে রোমান সানা ব্যর্থ হয়েছেন। এই আর্চার টোকিও অলিম্পিক গেমসে কোয়ালিফাই করলেও তার পারফরম্যান্স একেবারেই খারাপ। আর্চারির জার্মান কোচ ফ্রেডরিক অবশ্য বলেছেন রোমান সানার সময়টা ভালো যাচ্ছে না। টোকিও অলিম্পিকের আগেই পাফরম্যান্স উন্নতি করতে পারবেন।
বাংলাদেশ ফুটবলের
ফাইনাল আজ
কুমিল্লায় বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি হবে সেনাবাহিনী ও সিলেট। ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকাল সাড়ে ৩টায়। গতকাল প্রথম সেমিফাইনালে সেনাবাহিনী ৩-১ গোলে বিকেএসপিকে হারিয়ে এবং দ্বিতীয় সেমিফাইনালে সিলেট ৩-১ গোলে সাতক্ষীরা জেলাকে হারিয়ে ফাইনালে ওঠে।
বক্সিংয়ের ফাইনালে তানিয়া
শামীমা, লিটনরা
বক্সিংয়ের নারী ফাইনালে উঠেছেন পুলিশের তানিয়া সুলতানা, আনসারের শামীমা আক্তার, সেনাবাহিনীর অনিতা ইসলাম। পুরুষ ফাইনালে উঠেছেন পুলিশের লিটন, আনসারের আবু তালহা, সেনাবাহিনীর সেলিম হোসেন, রাজশাহী সিটি করপোরেশনের আল সানি ও আনসারের সুর কৃষ্ণ চাকমা।
পাহাড়ি কন্যা নু মে মারমার
স্বর্ণ জয়
এসএ গেমস কারাতে লড়াইয়ে স্বর্ণ জয় করেছিলেন হুমায়ারা অন্তরা। সেই স্বর্ণজয়ী তারকাকে হারিয়ে দিয়েছেন এক পাহাড়িকন্যা নু মে মারমা। বান্দরবানের জেলা জিমন্যাসিয়ামে গতকাল বাংলাদেশ গেমস কারাতে শুরু হয়েছে। নারী এককে কাতায় বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার নু মে মারমা স্বর্ণ, আনসারের হুমায়রা আক্তার অন্তরা রৌপ্য এবং কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার এলিক মারমা ও সেনাবাহিনীর কারিমা খাতুন ব্রোঞ্জ পদক পেয়েছেন।
টেনিসে দুই ভাইয়ের লড়াইয়ে
রুবেল জয়ী
রাজশাহীতে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস টেনিস এককে দুই ভাইয়ের লড়াইয়ে মাদারীপুরের রুবেল জয়ী হয়ে সেমিফাইনালে উঠেছেন। সেই সঙ্গে সেমিফাইনালে উঠেছেন রাজশাহীর ইমন, ঢাকার কাওসার ও বিপ্লব।
গতকাল রাজশাহীতে অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে ছেলেদের এককে কোয়ার্টার ফাইনালে বড় ভাই রুবেল ৬-২, ৬-৩ সেটে ছোট ভাই রানাকে হারিয়ে সেমিফাইনালে ওঠেন।