লেভাহীন বায়ার্নের সামনে নেইমার-এমবাপেরা

ফের দৈত্য বধ করতে চায় পোর্তো

স্পোর্টস ডেস্ক

আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারের ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে গত আসরের দুই ফাইনালিস্ট, বায়ার্ন মিউনিখ ও পিএসজি। দুর্দান্ত ফুটবল খেলে গত মৌসুমে ট্রেবল জেতা বায়ার্নের প্রতি পিএসজির কোনো ভীতি বা হীনম্মন্যতা নেই বলে জানিয়েছেন ক্লাব ম্যানেজার মউসিরিও পচেত্তিনো। তবে মূল তারকা রবার্ট লেভান্ডভস্কিকে ছাড়া নামলেও সামষ্টিকভাবে বায়ার্ন শক্তিশালীই থাকবে বলে মানছেন এই আর্জেন্টাইন ম্যানেজার। ওদিকে, জুভেন্তাসকে হারিয়ে কোয়ার্টারে উঠা পোর্তো আজ প্রথম লেগে চেলসির মুখোমুখি হচ্ছে, নিজেদের মাঠে। 

গত মৌসুমের মতো এবারও বায়ার্ন বেশ ছন্দে আছে। ক্লাব বিশ্বকাপসহ তিনটি শিরোপা এরই মধ্যে ক্যাবিনেটে পুরেছে হ্যান্সি ফ্লিকের দল। লিগেও বাকি সবার চেয়ে সাত পয়েন্টে এগিয়ে থাকা বাভারিয়ানরা টানা নবম শিরোপার একদম কাছে চলে এসেছে। স্বাভাবিকভাবেই, এবারের চ্যাম্পিয়ন্স লিগেও টমাস মুলাররাই ফেভারিট। বায়ার্নের বিপক্ষে লড়াইটা কতটা কঠিন হবে সেটা বুঝতে পারছেন পিএসজি ম্যানেজার পচেত্তিনোও, ‘বায়ার্ন সহজ দল না। তারা বর্তমান চ্যাম্পিয়ন। কিন্তু তাদের সামনে নিজেদের ছোট করে দেখার কিছু নেই। যথেষ্ট সম্মান দেখিয়েই আমরা মিউনিখে যাচ্ছি, কিন্তু আমাদের উদ্দেশ্য সেমিফাইনালে পৌঁছানো।’

সেমির দৌড়ে পিএসজি আজ পাচ্ছে না মিডফিল্ডার মার্কো ভেরাত্তি (কোভিড) ও লিয়েনার্দো পারাদেসকে (নিষেধাজ্ঞা)। তাদের স্থানে আজ একাদশে জায়গা করে নিতে পারেন আন্ডার হেরেরা ও ইদ্রিসা গানা গে। আক্রমণে দুই মূল তারকা কিলিয়ান এমবাপে ও নেইমারের সঙ্গে সেন্টার ফরওয়ার্ড হিসেবে নামতে পারেন মইস কিন।

বায়ার্ন শিবিরের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তা লেভার না থাকাটাই। তবে দলের এই বর্ষীয়ান গোলমেশিনকে ছাড়াই এ সপ্তাহে লাইপজিগকে হারিয়েছে মুলাররা। নিষেধাজ্ঞার জন্য সেই ম্যাচে আলফানসো ডেভিস ও জেরোম বোয়েটাং দলে না থাকলেও আজকে ঠিকই একাদশে ফিরছেন এই দুই ডিফেন্ডার। আর লাইপজিগের সেই ম্যাচের মতো আজকেও লেভার স্থানে নামতে পারেন সাবেক পিএসজি স্ট্রাইকার এরিক ম্যাক্সিম চপো-মোটিং। গত মৌসুমে পিএসজিকে ফাইনালে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা চপো-মোটিংয়ের অভিজ্ঞতাকে আজ কাজে লাগাতে পারেন বায়ার্ন ম্যানেজার ফ্লিক।

এদিকে, যার অধীনে খেলে গতবার ফাইনালে পৌঁছেছিল পিএসজি, সেই টমাস টুখেল তার নতুন দল, চেলসিকে নিয়ে আজ আবার নামছেন চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে। কোয়ার্টারের সবচেয়ে খর্বশক্তির দলটি চেলসির প্রতিপক্ষ হলেও, পোর্তোকে মোটেও হালকাভাবে নিচ্ছে না লন্ডনের ক্লাবটি। জানুয়ারিতে ফ্র্যাংক ল্যাম্পার্ডের কাছ থেকে চেলসির দায়িত্ব নেওয়ার পর দলকে পুরোপুরি বদলে দিয়েছেন টুখেল। এই সপ্তাহে ওয়েস্ট ব্রমের কাছে হারার আগ পর্যন্ত টানা ১৫ ম্যাচে অপরাজিত ছিল চেলসি। এর পরও চেলসির বিপক্ষে আত্মবিশ্বাসের সঙ্গেই আজ মাঠে নামছে পোর্তো। আজকের ম্যাচ নিয়ে পোর্তোর সহসভাপতি ভিক্টর বায়া বলেছেন, ‘আমরা আত্মবিশ্বাসী, কিন্তু যেই দলের সঙ্গে খেলতে যাচ্ছি আমরা তারা টমাস টুখেলের অধীনে বেশ ভালো ঘুরে দাঁড়িয়েছে।’ চেলসি শক্তিশালী হলেও জুভেন্তাসকে হারিয়ে কোয়ার্টারে উঠা পোর্তোকেই আজ ফেভারিট হিসেবে দেখছেন বায়া।