দীর্ঘ মেয়াদে স্পনসর পেয়েছে বিসিবি

স্পোর্টস রিপোর্টার

করোনাকালে জাতীয় দলের স্পনসর পেতেও বেশ সংগ্রাম করতে হয়েছে বিসিবিকে। অগত্যা সিরিজ বাই সিরিজ নীতিতে এগিয়েছিল বিসিবি। গত মাসে জাতীয় দলের দীর্ঘ মেয়াদে স্পনসর চেয়ে দরপত্র আহ্বান করেছিল দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। গত ১ এপ্রিল ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। তাতে ভালোই সাড়া মিলেছে। খুব শিগিগরই বাংলাদেশ দলের নতুন স্পনসরের নাম ঘোষণা করা হবে। বিসিবির বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আগামী দুই বছরের জন্য টাইগারদের স্পনসর হতে যাচ্ছে অনলাইন মার্কেটপ্লেস দারাজ। দরপত্র অনুযায়ী ৬ এপ্রিল ২০২১ থেকে ৩০ নভেম্বর ২০২৩ পর্যন্ত জাতীয় দলের স্পনসর হচ্ছে দারাজ। স্পনসরশিপের আওতায় থাকবে জাতীয় পুরুষ-নারী দল, জাতীয় ‘এ’ পুরুষ-নারী দল ও জাতীয় অনূর্ধ্ব-১৯ পুরুষ-নারী দল। যদিও জানতে চাইলে গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘এটা আমরা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেব। আমাদের একটা প্রক্রিয়া রয়েছে, প্রক্রিয়া শেষ হোক আমরা বলে দেব।’ একই মেয়াদের জন্য জাতীয় দলের কিট স্পনসর চেয়ে দরপত্র আহ্বান করেছিল বিসিবি। অনলাইন ফুড ডেলিভারি সার্ভিস ‘হাংরিনাকি’ কিট স্পনসরের স্বত্ব পেয়েছে বলে জানা গেছে। দ্রুতই এ সম্পর্কে চূড়ান্ত ঘোষণা দেবে বিসিবি।