যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিল চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, যুক্তরাষ্ট্র নিজেকে সবার ওপরে মনে করলে হবে না। দেশটি যেন এই চিন্তা না করে যে, বিশ্বে তারা যা বলবে তাই শেষ কথা। সোমবার চীনের সাংবাদিকদের কাছে যুক্তরাষ্ট্রের প্রতি এমন হুঁশিয়ারি দেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের
পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক চায় চীন। কিন্তু তাই বলে যুক্তরাষ্ট্রের একতরফা দাবি মেনে নেওয়া হবে না। তিনি চীনকে সম্মান প্রদর্শন করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের সঙ্গে আলোচনার দরজা খোলা। কিন্তু আলোচনা হতে হবে সমমর্যাদার ভিত্তিতে। তিনি বলেন, বিশ্বে কোনো দেশ যদি নিজেকে অন্য সবার চেয়ে ওপরে মনে করে এবং চিন্তা করে বৈশ্বিক ইস্যুতে তার কথাই শেষ কথা তাহলে সেটা মেনে নেবে না চীন। যুক্তরাষ্ট্র যদি লড়াই করতে চায় তাহলে চীন সব ধরনের ভয়-ভীতি উপেক্ষা করেই সেই চ্যালেঞ্জ গ্রহণ করবে। চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রকে বারবার বলা হচ্ছে যে, তারা যেন অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে। কিন্তু মিথ্যা তথ্যের ভিত্তিতে এবং অবৈধভাবে চীনের ওপর অবরোধ আরোপ করা হচ্ছে।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে উত্তেজনা তুঙ্গে ওঠে। বাণিজ্য, দক্ষিণ চীন সাগর, তাইওয়ান, হংকং ও করোনা ভাইরাস নিয়ে ট্রাম্প প্রশাসন চীনের সঙ্গে চরম সংঘাতপূর্ণ অবস্থানে চলে যান। চলতি বছরের জানুয়ারিতে জো বাইডেন যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করে চীনের ব্যাপারে ট্রাম্পের নীতি অনুসরণ করেন। বিভিন্ন ইস্যুতে বিশেষ করে মানবাধিকার ইস্যুতে চীনের সঙ্গে সংঘাতের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন জো বাইডেন।