অদম্য সাহসীদের খুঁজছে ‘বিডি এক্সট্রিম’

আনন্দ বিনোদন প্রতিবেদক

 

‘অদম্য সাহস! তবে গর্জে ওঠো’— এই স্লোগান নিয়ে ত্রয়ী গ্রুমিং নিয়ে আসছে তরুণ সমাজকে মেলে ধরার এক অনন্য রিয়েলিটি শো ‘বিডি এক্সট্রিম’। এ রিয়েলিটি শো’র ভিডিও টিজার উন্মোচন উপলক্ষে সম্প্রতি এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ত্রয়ী গ্রুমিং একাডেমিতে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রয়ী’র সিইও আলী আফজাল নিকোলাস। আরও ছিলেন ‘বিডি এক্সট্রিম’র চার টিম লিডার আদীব হোসেন (ব্যাংকার), আসিফ নূর (ব্যবসায়ী এবং ফিলান্ট্রোপিস্ট), অন্তু করিম (অভিনেতা) এবং সুমাইয়া চৌধুরী (মডেল এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লোয়েন্সার)।

তারুণ্যের অদম্য সাহস আর অসাধারণ মেধা— এ কথাটা মাথায় রেখে এই রিয়েলিটি শো’টি সাজানো হচ্ছে। বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সময় এ ধরনের প্রয়াস চোখে পড়লেও এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে একটা সম্পূর্ণ রিয়ালিটি শো। মূলত সারাদেশে ছড়িয়ে থাকা অদম্য সাহসী ছেলে-মেয়েদের এক জায়গায় নিয়ে এসে একটা প্রতিযোগিতার মাধ্যমে তাদের তুলে ধরা এ রিয়েলিটি শো’র উদ্দেশ্য। গত ২ এপ্রিল থেকে অনলাইন রেজিস্ট্রেশন ফর্মের মাধ্যমে আবেদন শুরু হয়েছে। রেজিস্ট্রেশন লিংক— www.facebook.com/bdextreme