বিনোদন ডেস্ক
মহামারি করোনার দ্বিতীয় ঢেউ মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর করছে। এরইমধ্যে ভারতে প্রতিদিন লাখ ছাড়িয়ে যাচ্ছে আক্রান্তের সংখ্যা। করোনা থাবা থেকে বাদ যাচ্ছে না বলিপাড়াও। বলিউড তারকাদের একের পর এক করোনা আক্রান্তের খবরে এখন স্তব্ধ বলিপাড়া। অক্ষয় কুমার, গোবিন্দ, আমির খান, রণবীর কাপুর, কার্তিক আরিয়ান, মনোজ বাজপেয়ী, বিক্রান্ত মাসে, রোহিত শ্রফ, পরেশ রাওয়াল, ভিকি কৌশল, আলিয়া ভাট, ফাতেমা সানা শেখ, নিকিতা দত্ত, ভূমি পেডনেকার, আরবার কাজী, নারায়ণি শাস্ত্রী’সহ অনেক তারকা করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে অক্ষয় কুমার তার পরবর্তী সিনেমা ‘রাম সেতু’র শুটিং চলাকালীন পজিটিভ হওয়ার কথা জানতে পারেন। তিনি ছাড়াও তার শুটিংস্পটের আরো ৪৫ জন কলাকুশলী সংক্রমিত হয়েছেন করোনায়। অক্ষয় কুমার এরইমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন। খবরটি প্রকাশ্যে আসতেই সিনেমাটির শুটিং বন্ধ করে দেওয়া হয়। তবে তার সংস্পর্শে আসা সকলকেই সাবধানে থাকার অনুরোধ করেছেন এই অভিনেতা। এমন সব দুঃসংবাদের মাঝে অক্ষয়ের ‘রাজবংশী’ সিনেমার সহ-অভিনেতা ক্যাটরিনা কাইফের করোনা আক্রান্তের বিষয়টি নতুন করে মন খারাপ করে দিয়েছে সিনেপ্রেমীদের। করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ক্যাটরিনা। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন তিনি। নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে ক্যাটরিনা লেখেন, ‘আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। হোম কোয়ারেন্টিনে নিজেকে দ্রুত আইসোলেশনে রেখেছি। চিকিত্সকদের পরামর্শে সব রকম নিয়ম পালন করে চলছি। আমার সংস্পর্শে আসা প্রত্যেকে করোনা পরীক্ষা করিয়ে নিন। সাবধানে থাকুন সবাই। ধন্যবাদ আপনাদের ভালোবাসা ও সহযোগিতার জন্য।’
উল্লেখ্য, এমন অবস্থায় আবারো নতুন করে লকডাউনের পথে হাঁটবে কি-না বলিউড এ নিয়ে প্রশ্ন উঠেছে বলিপাড়ায়।